নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫: চ্যালেঞ্জার পরিবহনের হেলপার বগুড়ায় গ্রেফতার

 

আবদুস সামাদ কমলনাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে শনিবার বিকালে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় চ্যালেঞ্জার পরিবহনের হেলপার আবদুস সামাদ কমলকে আটক করা হয়েছে। রবিবার (২৬ আগস্ট) বিকালে শহরতলির গোকুল পশ্চিমপাড়ার বাড়ি থেকে তাকে বগুড়া সদর ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে। বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর শেখ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, শনিবার (২৫ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে নাটোরের লালপুরের কদিমচিলান এলাকায় ফিলিং স্টেশনের সামনে পাবনা ছেড়ে আসা বগুড়াগামী চ্যালেঞ্জার পরিবহণের একটি বাস (ঢাকা-মেট্রো-চ-৫৬৬৯)বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনাকে চাপা দেয়। এসময় বাস ও লেগুনা মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১০ জন নিহত ও ২৪ জন আহত হন। পরে বিভিন্ন হাসপাতালে আরও ৫ জন মারা যান। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর শেখ ফরিদ উদ্দিন আরও জানান,  বগুড়া সদরের গোকুল পশ্চিমপাড়ার আবদুল বারীর ছেলে আবদুস সামাদ কমল ওই বাসের হেলপার। দুর্ঘটনার পর সে বাড়িতে চলে আসে। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে নাটোর ডিবি পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে।