গ্রেফতারকৃত পুঠিয়া উপজেলা জামায়াতের আমিরের নাম মো.আবদুল্লাহ। উপজেলার সরগাছি গ্রামের নিজের বাড়ি থেকে পুঠিয়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। এছাড়া পুঠিয়া পুলিশ হুমায়ুন কবির নামে এক শিবিরকর্মী ও শামীম রেজা নামে আরেক জামায়াত কর্মীকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক খান জানান, জেলার বাগমারা থানা পুলিশও বিএনপি ও জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে। তারা হলেন, জামায়াতকর্মী আবু সায়েম ও আবদুল করিম এবং বিএনপি কর্মী মোয়াজ্জেম হোসেন, আবদুল খালেক ও আবদুর রউফ হিটলার।
বাগমারা উপজেলার ঝিকড়া এলাকায় তাদের বাড়ি। বৃহস্পতিবার রাতে এলাকায় গোপন বৈঠকে বসলে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা জব্দ করা হয়েছে। এছাড়া জেলার তানোর, মোহনপুর, দুর্গাপুর, বাঘা, চারঘাট, গোদাগাড়ী এবং গোয়েন্দা শাখা (ডিবি) অন্য ৪২ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে বেশকিছু মাদকদ্রব্য।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আরএমপির ১২ থানা ও ডিবি পুলিশ মোট ৫৩ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে বেশিরভাগই পরোয়ানাভুক্ত আসামি। কিছু ব্যক্তিকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।