শাজাহানপুরে বিএনপির কার্যালয় থেকে ককটেল ও অস্ত্র উদ্ধার





বগুড়াবগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে ককটেল ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শেষে পুলিশ অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রামজীবন ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




তিনি জানান, গোপনে খবর পেয়ে রবিবার সন্ধ্যার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অভিযান চালিয়ে দু’টি ককটেল, তিনটি হাসুয়া, একটি ছুরি, ১০টি লাঠি উদ্ধার করা হয়েছে।
শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার পুলিশের অভিযানকে ষড়যন্ত্র উল্লেখ করে জানান, প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শেষে পুলিশ পরিকল্পিতভাবে অভিযান চালায়। এটি গভীর ষড়যন্ত্র ও বিএনপিকে প্রতিহত করার সরকারি অপকৌশল।
শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বিএনপির নেতার অভিযোগ প্রত্যাখ্যান করে জানান, কোনও নাশকতার জন্য এসব মজুদ করা হয়েছিল। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।