নাটোরে হাতবোমাসহ ডাকাতি মামলার আসামি আটক

নাটোরনাটোরের সিংড়ায় দুটি হাতবোমাসহ সজিব মোল্লা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়। সজীব চামারী ইউনিয়নের সামারকোল গ্রামের বাসিন্দা। তিনি ডাকাতি মামলার আসামি বলে জানান সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম।
ওসি মনিরুল ইসলাম জানান, শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলম গ্রামে খেলাধুলাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামকে মারধর করে দাঁত ও পা ভেঙে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার সজিব মোল্লাকে আটক করা হয়। পরে রাত দেড়টায় তার স্বীকারোক্তি অনুযায়ী কলম ডিগ্রি কলেজ মাঠে অভিযান চালায় পুলিশ। এসময় মাঠের মাটি খুঁড়ে দুটি হাতবোমা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটক যুবক একটি ডাকাতি মামলারও আসামি। তাছাড়া মেম্বার শফিকুল ইসলামকে মারধরের ঘটনায় নেতৃত্বদানকারী আরিফুল ইসলামের সে অন্যতম সহযোগী।
এ বিষয়ে সিংড়া থানায় একটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকালে তাকে আদালতে চালান দেওয়া হয়েছে বলেও দাবি করেন ওসি।