রাজশাহীতে শিবিরের দুই নেতা আটক

রাজশাহীরাজশাহী নগরীতে পৃথক অভিযানে ছাত্রশিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাতটায় নগরীর ডাঁশমারী মধ্যপাড়া ও রাত সাড়ে আটটার দিকে সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা হলের শিবিরের সভাপতি ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান (২৩) এবং জেলার মোহনপুর উপজেলার জাহানারাবাদ এলাকার ও ছাত্রশিবির মহানগর শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজী (২২)। সে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম আটকের বিষয়টি নিশ্চত করে বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে রাত সাধুর মোড় এলাকায় অর্কিড ছাত্রাবাসের নিচতলায় ১০২ নম্বর রুমে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম সিরাজীকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে তিনটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।’

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা হলের শিবিরের সভাপতি সাকিব হাসানকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাঁশমারি এলাকার মৃত রাশিদুল হক রান্টুর বাড়িতে অভিযান চালিয়ে ২০ বস্তা জিহাদি বই উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, তাদের থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।