জয়পুরহাট - ১ আসনের সাংসদের বিশাল শোডাউন

সাংসদ সামছুল আলম দুদু ছাদ খোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে এ শো’ডাউনের নেতৃত্ব দেনজয়পুরহাটে ৩০০ ভটভটি ও ১৮শ’ মোটরসাইকেল নিয়ে সরকার দলীয় এমপি বিশাল শোডাউন করেছেন। এ ব্যাপারে ১ আসনের সাংসদ সামছুল আলম দুদু বলেন, ‘এলাকার মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে  দেওয়ার  জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিশাল সোডাউন করা হয়েছে।’  

সোমবার সকাল ১০টায় জয়পুরহাট পৌর সদরের নতুনহাট এলাকা থেকে নির্বাচনি শো’ডাউন শুরু হয়ে বিকেল ৪টায় জয়পুরহাট সদর উপজেলার তেঘর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মাঝে জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক ঘুরে জনতাকে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়া আহ্বান জানান।

এসময় সংসদ সদস্য সামছুল আলম দুদু ছাদ খোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে এ শো’ডাউনের নেতৃত্ব দেন। এ সময় তিনি উৎসুক জনতার কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান। শো’ডাউনটি জয়পুরহাট মহাসড়ক হয়ে সদরের বম্বু, আমদই, পাঁচবিবির আওলাই ইউনিয়নের চানপাড়া সড়ক হয়ে পাঁচবিবি উপজেলা সদরের ওপর দিয়ে শালপাড়া যায়। পরে সেখান থেকে চকবরকত ইউনিয়নের সড়ক পথে খঞ্জনপুরের ওপর দিয়ে ভাদসা ইউনিয়ন হয়ে বিকেল চারটায় জামালপুর ইউনিয়নে গিয়ে শেষ হয়।

শোডাউনে অংশ নেওয়া ১৮০০শ’ মোটরসাইকেল

শো’ডাউনে ব্যবহৃত লছিমন-করিমনগুলোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু ও সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলীর ছবিসহ নৌকার ছবি সম্বলিত বড় বড় ফেস্টুন সাঁটানো ছিল।এসময় ‘দুদু ভাইয়ের ছালাম নিন,নৌকা মার্কায় ভোট দিন।’ এ স্লোগানে মুখর ও প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা। শো’ডাউনে আরও অংশ নেন জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শামছুল আলম, রাজা চৌধুরী, আ’লীগ নেতা শেখর মজুমদার, জাহিদুল ইসলাম বেনু, আবু বক্কর সিদ্দিকসহ আরও  অনেকে।

জয়পুরহাটের ইতিহাসে এতো বড় শোডাউন আর হয়নি উল্লেখ করে তিনি বলেন, এ শোডাউনে ১৮০০শ’ মোটরসাইকেল ও ৩০০ ভটভটি নিয়ে দলের নেতাকর্মীরা অংশ নিয়েছে।

তার শোডাউনে অবৈধ ভটভটির ব্যবহার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, তার পক্ষে থেকে ১৮০০ মোটরসাইকেল অংশ নিয়েছে। মোস্তাক দেওয়ান নামে এক কর্মী ৩০০ ভটভটির ব্যবস্থা করে ছিল। এটা তার আয়োজনের মধ্যে ছিল না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য সামছুল আলম দুদুর ছবিসহ নৌকার ছবি সম্বলিত বড় বড় ফেস্টুন সাঁটানো শোডাউনে অংশ নেওয়া ৩০০ ভটভটি

দলীয় একাধিক সূত্রে জানা গেছে, আগামী সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের বেশ কয়েকজন গণসংযোগে নেমেছেন। যাদের মধ্যে রয়েছেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দো’গাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক নেতা ও জেলা আওয়ামী লীগের সদস্য তৌফিদুল ইসলাম বুলবুল। জেলা ও উপজেলা শহরে বিলবোর্ডের মাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এসব নেতাকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেমে গণসংযোগ করতে দেখা গেছে। সম্প্রতি ঈদুল আযহার পর তৌফিদুল ইসলাম বুলবুলকে কয়েকদিন মোটরসাইকেল বহর নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে দেখা গেছে। এ অবস্থায় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু’র বিশাল শো’ডাউন জয়পুরহাটের আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গণে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।