চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

বন্দুকযুদ্ধ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় আবুল হোসেন ওরফে বাবু (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাত একটার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।    

র‌্যাব জানায়, গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকায় বৃহস্পতিবার রাতে টহল দিচ্ছিলো র‌্যাবের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকার একটি আমবাগানে ৪-৫ জনের একটি দল মাদক কেনাবেচা করছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে ওই মাদক ব্যবসায়ীরা। র‌্যাবও পাল্টা গুলি করে। এসময় তারা পালিয়ে যায়। পরে  স্থানীয়দের সহায়তায় ওই আমবাগানে তল্লাশি চালালে বাবুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও ১৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।