রাণীনগর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

নওগাঁ

নওগাঁর রাণীনগর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. মিরাজুল ইসলামকে বিভিন্ন অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৬ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার  (৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা তাকে একটি নোটিশ দেয়। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সাময়িকভাবে বরখাস্ত অধ্যক্ষকে ওই নোটিশের জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশ সূত্রে জানা গেছে, রাণীনগর মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ২৭ জন শিক্ষক-শিক্ষিকা নানা অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও অসদাচরণসহ ১১টি সুনির্দিষ্ট অভিযোগ এনে কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ মো. মিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলম। রবিবার দুপুরে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অধ্যক্ষকে একটি নোটিশ দেন। এছাড়াও সকলের অবগতির জন্য কলেজের নোটিশ বোর্ডে একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়।

 সাময়িকভাবে বরখাস্ত হওয়া রাণীনগর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. মিরাজুল ইসলাম বলেন, ‘আমি নোটিশ পেয়েছি। আমাকে অন্যায়ভাবে সোকজ করা হয়েছে। আমি যথাযথভাবে কতৃপক্ষের কাছে এর উত্তর দিব।’

এ ব্যাপারে রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জলিল বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি। কিন্তু এখনো আমাকে অফিসিয়ালভাবে কোনও সোকজের কপি দেওয়া হয়নি।’