বগুড়ায় শাকিল হত্যার ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

বগুড়াবগুড়া শহরে শাকিল আহমেদ ওরফে পা কাটা শাকিল ওরফে বি-ক্লাস শাকিল (২৬) হত্যার ঘটনায় মামলা হয়েছে। রবিবার (৯ সেপ্টেম্বর) নিহতের স্ত্রী নার্গিস আকতার ফাল্গুনী সদর থানায় মামলাটি করেন। এতে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী নিহত শাকিলের বন্ধু স্বেচ্ছাসেবকলীগকর্মী মিশু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, শাকিল আহমেদ বগুড়া শহরের চকফরিদ এলাকার শাহ্ জালালের ছেলে। এলাকায় সে বি-ক্লাস শাকিল নামে পরিচিত ছিল। তার বিরুদ্ধে সদর থানায় হত্যা, অস্ত্র, অ্যাসিডসহ বিভিন্ন ধারায় ৫-৬টি মামলা আছে। প্রায় এক বছর আগে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাকিল বাঁ পা হারায়। শুক্রবার (৭ সেপ্টেম্বর) তার জন্মদিন ছিল। কেক কাটা শেষ হওয়ায় পর রাত সাড়ে ৯টার দিকে বন্ধু বিশাল ও মিশু বাড়িতে এসে তাকে (শাকিল) ডেকে নিয়ে যায়। জন্মদিন সেলিব্রেট করতে তারা একটি মোটরবাইকে শহরের চকসুত্রাপুর সুইপার কলোনিতে মাদক কিনতে যায়। সেখানে মাদক কেনা নিয়ে বিশালের সঙ্গে অন্য সন্ত্রাসীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে একদল সন্ত্রাসী শাকিল ও বিশালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাত ১০টার দিকে শাকিল ও বিশালকে শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, নিহত শাকিলের স্ত্রী ফাল্গুনী বাদী হয়ে সদর থানায় ফিরোজ, রানা, রাজু, রাসেল, আবদুর রহিম ও কুইনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এছাড়া প্রত্যক্ষদর্শী শাকিলের বন্ধু মিশু আদালতে জবানবন্দি দিয়েছেন। আসামিদের শনাক্ত করার পর গ্রেফতার করা হবে।