ধর্ষণের পর হত্যার অভিযোগ

সিরাজগঞ্জসিরাজগঞ্জের তাড়াশে রোকসানা খাতুন (২২) নামের শারীরিক এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের পর খুন করার অভিযোগ পাওয়া গেছে। খুনের আগে মেয়েটির মুখমণ্ডলও এসিড জাতীয় পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার গভীর রাতে লোকজন ঘরের মধ্যে ঢুকে ময়েটিকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করেছে। মেয়েটির মুখমণ্ডল এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে ধর্ষণ করা হয়েছে কিনা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে। এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে মামলা করেছেন।

রোকসানা খাতুনের ভাই রেজাউল করিম জানান, তাদের বাবা-মা বেঁচে নেই। প্রতিবন্ধী বোনটিকে নিয়ে তিনি একা বাড়িতে থাকতেন। রাতে রোকসানা তার ঘরে ঘুমিয়ে ছিল। এরপর রাত ১২টার দিকে হঠাৎ সে চিৎকার শুরু করে। ধর্ষণের পর ছুরিকাঘাতে তার বোনকে খুন করা হয়েছে। এসিড দিয়ে মুখমণ্ডল ঝলসে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন তিনি।

নিহত তরুণী তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘুরিয়া গ্রামের মৃত তয়জাল প্রামানিকের মেয়ে।