কামারখন্দে সড়ক দুর্ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ আহত ৭

সড়ক দুর্ঘটনাসিরাজগঞ্জের কামারখন্দে পাবনা জেলা প্রশাসনের একটি মালবাহী ট্রাক খাদে পড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিন পুলিশ সদস্যসহ সাত জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকা চার নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহতরা হলেন– পাবনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতু, পুলিশ সদস্য নায়েক হাবিবুর রহমান, কনস্টেবল সিফাত রহমান, কনস্টেবল মাহবুবুর রহমান, ডিসি অফিসের গাড়িচালক মুনিরুল ইসলাম। এছাড়া ডিসি অফিসের একজন স্টাফ ও কনস্টেবল।

ওসি সৈয়দ শহীদ আলম জানান, ঢাকা থেকে একটি মিনি ট্রাকে পাবনা জেলা প্রশাসনের মালামাল নিয়ে যাচ্ছিলেন ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতু। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকা চার নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ম্যাজিস্ট্রেটসহ সাত জন আহত হন। ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, সিভিল সার্জন ডা. কাজী শামিম হোসেন ও পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। রাত ১০টার পর হাসপাতালের অ্যাম্বুলেন্সযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতু, কনস্টেবল সিফাত, কনস্টেবল মাহবুবুর রহমান, গাড়িচালক মুনিরুল ইসলামসহ চার জনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা।