এস কে সিনহার বিরুদ্ধে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি

পাবনা



সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন আওয়ামী লীগ নেতা খ ম হাসান কবির আরিফ। মঙ্গলবার দুপুরে পাবনা সদর থানায় এই সাধারণ ডায়েরি করা হয়। জিডি নম্বর ৮৫।

হাসান কবির আরিফ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি।
তিনি জানান, সম্প্রতি যুক্তরাজ্যে এক কনফারেন্সে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেন। এতে বাংলাদেশ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ও মান ক্ষুণ্ন হয়েছে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এই সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক জানান, সাধারণ ডায়েরি পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।