উল্লাপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস. এম. শহিদুল ইসলাম জানান, লাহিড়ী মোহনপুর বাজারসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ভেজাল দুধ বিক্রি ও সরবরাহ করার অভিযোগ ছিল। শনিবার (৬ অক্টোবর) সকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের নেতৃত্বে লাহিড়ী মোহনপুর বাজারে অভিযান চালানো হয়। তখন পাশের নদী থেকে দুধে পানি মেশানোর বিষয়টি নজরে আসে। এ সময় দহকুলা নদীর পাড় থেকে ভেজাল দুধভর্তি ৮টি গ্যালন জব্দ করা হয়। এতে ৩২০ কেজি দুধ ছিল। স্থানীয়দের সামনে এসব দুধ নদীতে ফেলে দেওয়া হয়। দুধ নদীতে ফেলার সময় একটি গ্যালনে জীবিত একটি টেংরা মাছও পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান দুধ ব্যবসায়ী মোতালেবকে তিন মাসের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মোতালেব হোসেন জানান, প্রতি ১ মণ দুধে ৮ কেজি করে পানি মিশিয়ে তারা বাজারে বিক্রি করে থাকেন। নদী থেকে পানি মেশানোর সময় গ্যালনে একটি টেংরা মাছ ঢুকে যায়।