বগুড়ার শাজাহানপুরে ভল্কানাইজিং সিলিন্ডার (গাড়িতে হাওয়া দেওয়ার মেশিন) বিস্ফোরণে ফরিদ উদ্দিন (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ সময় ভল্কানাইকিং ওয়ার্কশপ জাকারিয়া স্টোরের মালিকসহ দু’জন আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি।
আহতরা হলেন, ভল্কানাইজিং ওয়ার্কশপের মালিক শাজাহানপুর উপজেলার চাঁনবাড়িয়া গ্রামের মো. মোস্তফার ছেলে খায়রুল ইসলাম (৩০) ও করতোয়া গেটলকের চেইন মাস্টার শেরপুরের দামুয়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে নাজমুল হক (২৭)।
শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে খায়রুল ইসলামের জাকারিয়া স্টোর নামে ভল্কানাইজিং ওয়ার্কশপ রবিবার বেলা সাড়ে ১০টার দিকে হাওয়া লোড দেওয়া হচ্ছিল। এ সময় শাজাহানপুর উপজেলার সোনাইদীঘি গ্রামের মোবারক আলীর ছেলে ইজিবাইক চালক ফরিদ উদ্দিন মহাসড়কের ওপর পাড়ে অন্য একটি ভল্কানাইজিং ওয়ার্কশপে তার গাড়ির চাকায় হাওয়া দিচ্ছিলেন। হঠাৎ বিকটশব্দে জাকারিয়া স্টোরের ভল্কানাইজিং সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই টুকরা হয়ে যায়। একটি টুকরা গিয়ে ফরিদ উদ্দিনের শরীরে পড়ে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় ওই দোকানে থাকা মালিক খায়রুল ইসলাম ও চেইন মাস্টার নাজমুল হক আহত হয়। তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের ধারণা, ভল্কানাইজিং মেশিনের সিলিন্ডারটি দুর্বল হয়ে গিয়েছিল। এ কারণে বিদ্যুৎ সংযোগ দিয়ে হাওয়া লোড করার সময় এটি বিস্ফোরিত হয়। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত থানায় মামলা হয়নি। বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজিজ মণ্ডল জানান, ভল্কানাইজিং সিলিন্ডার বিস্ফোরণে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।