কোটার দাবিতে আজও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

01সব ধরনের সরকারি চাকরিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা বরাদ্দের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা। সোমবার (৮ অক্টোবর) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সমানে তারা এ কর্মসূচি পালন করেন। এতে রাস্তার উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা অন্য শিক্ষার্থীদের মতো সুযোগ-সুবিধা পাই না। পড়ালেখায় বা পরীক্ষায় অন্য শিক্ষার্থীদের মতো স্বাভাবিকভাবে অংশ নিতে পারি না। আমাদের অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে পড়ালেখা চালিয়ে যেতে হয়। স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তাই আমাদের জন্য কোটা বহাল রাখতে হবে।’
বক্তারা আরও বলেন, ‘প্রতিবন্ধীদের যদি কর্মসংস্থানের সুযোগ করে দিতে না পারি, তাহলে দেশের উন্নতি ব্যাহত হবে। কারণ প্রতিবন্ধীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর প্রতিবন্ধীদের কর্মসংস্থান বা তাদের মানবসম্পদে পরিণত করতে কোটার বিকল্প নেই।’
সরকারি চাকরির সব শ্রেণিতে পাঁচ শতাংশ কোটা বরাদ্দ রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। অন্যথায় অনশণ কর্মসূচির হুঁশিয়ারি তোলেন শিক্ষার্থীরা।
আন্দোলনের রাবি শাখার আহ্বায়ক হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এর আগে সরকারি চাকরিতে আমাদের জন্য ১ শতাংশ কোটা বরাদ্দ ছিল, যা মোট প্রতিবন্ধীদের তুলনায় খুবই নগণ্য। কিন্তু সেটাও তুলে দেওয়া হয়েছে। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা এখন সময়ের দাবি। আজকে (৮ অক্টোবর) দিনের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা অনশনে যাবো।’
প্রসঙ্গত, এর আগে গত শনিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। পরদিন (৭ অক্টোবর) ঢাকা-রাজশাহী মহাসড়ক অবেরাধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা।