৯টি শটগান ও ১৭ রাউন্ড গুলিসহ সিরাজগঞ্জে আটক দুই

Sirajganj photo on armas and dealers-10-10-18৯টি শটগান ও ১৭ রাউন্ড গুলিসহ সিরাজগঞ্জে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। সদর উপজেলার কাদাই ও চর-রামগাঁতী গ্রামে বুধবার সকালে পৃথক দুইটি অভিযানে অভিযুক্তদের আটক করা হয়। এরা হলো বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে গোপাল সূত্রধর ও সদর উপজেলার চর রামগাঁতী গ্রামের মৃত জুড়ান আলীর ছেলে নুরুল ইসলাম ওরফে নুরু ডাকাত।
গোপাল সূত্রধরের কাছ থেকে ৮টি শটগান ও ১৫ রাউন্ড গুলি এবং নুরু ডাকাতের কাছ থেকে একটি শটগান দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বুধবার (১০ অক্টোবর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপাল সূত্রধর দীর্ঘদিন থেকে শটগানে কাঠের বাট লাগানোর কাজ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রগুলো বিক্রির সময় তাকে কাদাই গ্রামের ড্যাফোডিল পার্কের সামনে থেকে সে হাতেনাতে ধরা পড়ে। অন্যদিকে নৌডাকাত নুরুর বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্রসহ ৪টি মামলা রয়েছে। তাকে নিজ বাড়ি থেকে আটক করেছে ডিবি পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফোরকান শিকদার, সদর সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ স্নিগ্ধ সরকার, সহকারী পুলিশ সুপার মো. মজনু শেখ ও ডিবি পুলিশের ওসি মো. মোজহারুল ইসলাম।