শিশু শিক্ষার্থীকে পেটানোর তদন্তে অভিযুক্ত শহীদ মডেল স্কুল ও কোচিং সেন্টারের সিরাজগঞ্জ জেলা শাখার সেই আলোচিত পরিচালক হাসানুজ্জামান তালুকদার রঞ্জুকে এখনো বরাখাস্ত করা হয়নি। জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি), সদর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসার বরাবর ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগে পর গত ছয়মাসে রঞ্জুর বিরুদ্ধে ৩ দফা তদন্ত হয়েছে। পরে জেলা প্রশাসকের নির্দেশে জেলা শিক্ষা অফিসার গত ১৬ সেপ্টেম্বর শহীদ মডেল স্কুল ও কোচিং সেন্টারের পরিচালনা পর্ষদকে রঞ্জুকে বরখাস্ত করার জন্য নির্দেশ দেন। এছাড়াও দশ দিনের মধ্যে আদেশ কার্যকর করে জেলা প্রশাসকসহ জেলা শিক্ষা অফিসকে জানানোর নির্দেশ দেন। চিঠির অনুলিপি শিক্ষা দফতর ও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু গত এক মাসেও জেলা প্রশাসকের সেই নির্দেশ কার্যকর হয়নি।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বলেন,‘শহীদ মডেল স্কুল এবং কোচিং সেন্টার বেসরকারি প্রতিষ্ঠান। এ কারণে জেলা শিক্ষা অফিসারকে মঞ্জুকে বরখাস্তের জন্য ওই স্কুলের পরিচালনা পর্ষদকে চিঠি দিতে বলা হয়েছে। রঞ্জুকে আদৌ বরখাস্ত করা হয়েছে কি-না, তা আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে বলতে হবে।’
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. শফীউল্লাহ বলেন,‘রঞ্জুকে বরখাস্ত ও বিষয়টি ১০ দিনের মধ্যে অবগত করার জন্য কর্তৃপক্ষকে গত ১৬ সেপ্টেম্বর পত্র দেওয়া হলেও তার কোনও সাড়া আসেনি। রঞ্জু এখনও পরিচালকের পদে আছেন। ক্ষমা চেয়ে বিষয়টি পুনরায় বিবেচনার জন্য জেলা প্রশাসক বরাবর রঞ্জু পত্র দিয়েছেন বলে জেনেছি। জেলা প্রশাসকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে হবে। শহীদ কোচিং সেন্টারের পরিচালনা পর্ষদ ও টাঙ্গাইল শাখার মুল পরিচালকের সঙ্গে যোগাযোগেরও প্রক্রিয়া চলছে।