সারিয়াকান্দিতে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু

সড়ক দুর্ঘটনাবগুড়ার সারিয়াকান্দিতে পিকআপ ভ্যানের চাপায় সাব্বির হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার দীঘলকান্দি গ্রামের তিনমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় মাহবুবুর রহমান (৪৫) নামে পিকআপের চালককে আটক করেছে পুলিশ। দুপুরে নিহত শিশুর মামা শাহআলম থানায় চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

শিশুটি দীঘলকান্দি গ্রামের মুকুল প্রামানিকের ছেলে। আটক মাহবুবুর রহমান উপজেলার ছোটকুতুবপুর গ্রামের বাহাদুর আলী সরকারের ছেলে।

সারিয়াকান্দি থানার এসআই মোস্তাফিজ ও স্থানীয়রা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চালক মাহবুবুর রহমান উপজেলা সদর থেকে পিকআপে করে পাঠ্য বই নিয়ে দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। দীঘলকান্দি গ্রামের শিশু সাব্বির তাদের বাড়ির সামনে একটি গাছের শিকড়ের ওপর বসে খেলা করছিল। পিকআপটি সেখানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সাব্বিরকে চাপা দেয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, পিকআপের চালককে জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। পিকআপটিও জব্দ করা হয়েছে। দুপুরে নিহত শিশুর মামা থানায় পিকআপ চালকের বিরুদ্ধে মামলা করেছেন।