‘বিশ্ব নেতারাও শেখ হাসিনাকে ফের ক্ষমতায় দেখতে চান’

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। (ফাইল ছবি)

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘শুধু দেশের মানুষ নয়, আওয়ামী লীগের উন্নয়নে আজ সারা বিশ্ব বিস্মিত। বিশ্ব নেতারাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফের ক্ষমতায় দেখতে চান। ওমরাহ পালনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি আরবের বাদশা বলেছেন, আপনারা আবারও ক্ষমতায় আসেন, এটা আমরাও চাই।’

শনিবার (২৪ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুরে মাজার জিয়ারত শেষে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের একথা বলেন তিনি।

১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, ‘আওয়ামী লীগ দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে গেছে। গত ১০ বছরে দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। সেজন্য সারা দুনিয়া শেখ হাসিনার প্রশংসা করছে।’

তিনি আরও বলেন, ‘মানুষ এখন শান্তিতে থাকতে চায়, উন্নয়ন চায়। শান্তি ও উন্নয়নের স্বার্থে জনগণ আবারও নৌকায় ভোট দেবে। এ দেশের মানুষ জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। যারা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে, মানুষ তাদের আর ভোট দেবে না। উন্নয়নের জন্যই বাংলার মানুষ আবারও জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয়ী করবে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি আজ ঐক্যবদ্ধ। এই শক্তি ঐক্যবদ্ধ থেকেই নির্বাচনে অংশ নেবে। এ নির্বাচনে নৌকার কোনও বিকল্প নেই।’

নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ভোরে ফজরের নামাজ শেষে কোরান তেলাওয়াতের পর তিনি কাজ শুরু করেন। পীর-মুর্শিদের মাজারেও দোয়া নিতে যান। খাঁটি মসুলমান হিসেবে তিনি জীবন-যাপন করেন। ইতোমধ্যেই কওমি শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দিয়ে সব আলেমের মনে জায়গা করে নিয়েছেন। তাই দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে তার নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই। তার নেতৃত্বে দেশ জঙ্গিমুক্ত হয়েছে।’

এসময় খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদের পরিচালক মোহাম্মদ ইউসুফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবীব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।