কোনও চক্রান্ত করা হলে জনগণ ভোটের মাধ্যমে তার সমুচিত জবাব দেবে: নাসিম

 সিরাজগঞ্জে জনতার উদ্দেশ্যে বক্তব্যে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি-জামায়াত জোটকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন করছেন সুখের কথা, আনন্দের খবর। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কোনও চক্রান্ত করা হলে দেশের জনগণ ভোটের মাধ্যমে তার সমুচিত জবাব দেবে।’ তিনি বুধবার দুপুরে তার নির্বাচনি এলাকা কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত স্বতঃস্ফূর্ত জনতার উদ্দেশে বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ঐক্যফ্রন্টের নামে কয়েকজন রাজনীতিবিদ এতিম বিএনপি জোটের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নিয়ে স্রোতে গা-ভাসাতে চাচ্ছেন। জনবিচ্ছিন্ন এসব নেতাকেও জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে। নির্বাচনে তাদের চরম পরাজয় হবে। ’

গত ১০ বছরে শেখ হাসিনার সরকার দেশে অভাবনীয় উন্নয়ন করেছেন উল্লেখ করে মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘শুধু শহর নয়, বর্তমান সরকারের আমলে গ্রাম অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।’

শুভগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খোকা। সমাবেশে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হাসান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর বুধবার পর্যন্ত তার নির্বাচনি এলাকা কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যোগ দেন। তিনি যমুনা নদীর দুর্গম চরাঞ্চলেও একটি কর্মসূচিতে অংশ নেন।

কোনও চক্রান্ত ষড়যন্ত্র করে লাভ হবে না মন্তব্য করে নাসিম বলেন, ‘নির্বাচন ঠেকানোর ক্ষমতাও কারো নেই। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।’

ওই নির্বাচনি মাঠে যারা ফাউল করবে, জনগণ তাদের লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ আলোর পথ পেয়েছে। কেউ আর অন্ধকারের পথে, জঙ্গিবাদের পথে ফিরে যেতে চায় না। হাওয়া ভবনের শাসন দেখতে চায় না।