ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল প্রাইভেটকার

ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় খুলনাগামী আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেসের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে চারুকলা অনুষদ সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

ওই গাড়ির মালিক মোস্তফা কামাল। তিনি রাজশাহীর জনতা ব্যাংকের কর্মকর্তা। তার মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মোস্তফা কামাল মেয়েকে বিশ্ববিদ্যালয়ে নামিয়ে দিয়ে ফিরে যাচ্ছিলেন। পথে চারুকলা এলাকায় চা খাওয়ার জন্য গাড়ি থামান। এ সময় রেল লাইনের সঙ্গে যথেষ্ট দূরত্ব না রেখেই তিনি গাড়িটি রাখেন। এসময় ট্রেন চলে আসলে তিনি দুর্ঘটনার আশঙ্কায় গাড়িটি নিরাপদ দূরত্বে আনার চেষ্টা করেন। কিন্তু এর আগেই ট্রেন গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হুমায়ুন কবীর বলেন,‘চালকের অবেহলায় এ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়ি পার্ক করার সময় তিনি যথেষ্ট দূরত্ব না রেখে গাড়িটি পার্ক করেছিলেন।’

তিনি বলেন,‘এটি একটি অরক্ষিত রেল ক্রসিং। এ ক্রসিংয়ে কোনও লাইনম্যান নেই। এ বিষয়ে আমরা রেল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু তারা কোনও ব্যবস্থা নেয়নি। আমরা শিগগিরই আবারও বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলবো।’