রাজশাহীতে বাতিল প্রার্থীদের দ্রুত সার্টিফাইড কপি দেওয়ার নির্দেশ ইসির

বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার কবিতা খানম

বাতিল হওয়া প্রার্থীদের সার্টিফাইড কপি দিতে বিলম্ব করা হচ্ছে কেন সাংবাদিকদের এই প্রশ্নের জবানে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ‘জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে,যাতে দ্রুত বাতিল হওয়া প্রার্থীদের সার্টিফাইড কপি দেওয়া হয়।’ মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর নানকিং দরবার হলে ইউএনডিপি আয়োজিত দুইদিন ব্যাপী ‘জেন্ডার অ্যান্ড ইলেকশন’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার কবিতা খানম আরও বলেন,‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যাক নারী যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

নির্বাচন কমিশনার বলেন,‘দেশের প্রায় অর্ধেক নারী ভোটার। তাই নির্বাচনকালীন সময় নারীদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকবে নির্বাচন কমিশন।’

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা সাহিদুল নবী, সাইফুল ইসলাম চৌধুরী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহীতে ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২৩ জনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনার। সোমবার তারা আপিল করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সাটিফাইড কপি পাননি। এ নিয়ে বাদ পড়া প্রার্থী ও তাদের সমর্থকরা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। রাতে তারা সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসকের অপসারণের দাবি জানায়।