পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেছে। শনিবার দুপুরে আমিনপুর থানার মাসুমদিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম।
পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তফা হোসেন সাদ্দান জানান, আজ দুপুরে মাসুমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের একটি ওয়ার্ড কমিটির সভা শেষে দলীয় নেতাকর্মীরা মাসুমদিয়া বাজারের দিকে হোন্ডা নিয়ে ফিরছিলেন। ফেরার পথে তারা বাজারে একটি চায়ের দোকানে দাড়ালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপরে অতর্কিতে হামলা চালায়। এতে মাসুমদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মিরোজ হোসেনসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
অন্যদিকে পাবনা-২ আসনের বিএনপি পদপ্রার্থী সেলিম রেজা হাবিব বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা চায়ের দোকানে বসে ছিল। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালায়। এতে বিএনপির বেশ কয়েকজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা বাজারে বসে চা খাচ্ছিলাম। এ সময় দুই পক্ষ নির্বাচন নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তখন আমরা নিরাপদ স্থানে সরে যাই। তাই কে কাকে আগে হামলা করেছে এ বিষয়টি বুঝে উঠতে পারিনি।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান,শুনেছি এদিন দুপুরে বাজারের একটি চায়ের দোকানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে ছিল। এসময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাবু মন্ডল, ইসমাইল হোসেন, আফতাফ হোসেন, আব্দুস সালাম, শাহ আলম, সিদ্দিক শেখ, মঞ্জুর শেখ এবং মনসুর রহমান নামের ১০ জনকে আটক করা হয়েছে।