জানা গেছে, শহরের কৈপাড়াতে মহাজোট প্রার্থীর পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল সন্ধ্যায় ৭টায়। সেখানে যথারীতি সমাবেশ চলছিল। মহাজোট প্রার্থী বিরোধী দলীয় চীফ হুইপ জাতীয় পার্টির (জাপা) জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর বক্তব্য রাখার সময় পৌনে ৮টার দিকে সমাবেশের পাশেই পরপর ৪/৫ ককটেল বিস্ফোরণ হয়। ককটেল বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সমাবেশ শেষ হয়ে যায়। এসময় নেতাকর্মীরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৮টায় শহরের নারুলী এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নেতাকর্মীরা। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাপার নেতাকর্মীরা অংশ নেয়।
সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শহিদ জানান, সমাবেশটি পূর্ব নির্ধারিত ছিল। জনসমাগম দেখেই প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ককটেল হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রিয় সদস্য শাজাহান আলী তালুকদার, ফারুক আহম্মেদ, অধ্যক্ষ মোকছেদুল আলম, আব্দুস সালাম বাবু, জাপানেতা আবু তাহের আকন্দসহ অনেকে।