রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলনের প্রধান নির্বাচনি এজেন্ট ও পৌরসভার মেয়র মকবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর শিরোইল এলাকার তার মেয়ের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে মোহনপুর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। মকবুল হোসেন পবা উপজেলার নওহাটা পৌরসভার মেয়র ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি। তার বাড়ি নওহাটায়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, মোহনপুর এলাকায় নাশকতার পরিকল্পনার চেষ্টার অভিযোগে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ মকবুল হোসেনকে গ্রেফতার করেছে। পরে তাকে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়। সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে নির্বাচনি তদন্ত কমিটি বরাবর শফিকুল হক মিলনের প্রধান সহকারী নির্বাচনি এজেন্ট মোজাফফর হোসেন মুকুল অভিযোগ করেন, ২২ ডিসেম্বর রাজশাহী-০৩ ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের প্রধান নির্বাচনি এজেন্ট শেখ মকবুল হোসেনকে কোনও মামলা বা ওয়ারেন্ট ছাড়াই আনুমানিক রাত ১২টায় নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে।
এছাড়াও ২২ ডিসেম্বর আনুমানিক রাত ১টায় পবা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেনকে কোনও মামলা বা ওয়ারেন্ট ছাড়াই নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। ২২ ডিসেম্বর আনুমানিক রাত ১২টায় হরিয়ান ইউনিয়নের নলখলা গ্রামের ধানের শীষ প্রতীকের সমর্থক আশরাফুল ও হায়েতুল্লাহকে কোনও মামলা বা ওয়ারেন্ট ছাড়াই বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ ডিসেম্বর আনুমানিক রাত ১১টায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর নিয়োগপ্রাপ্ত পোলিং এজেন্ট শফিকুল ইসলাম ভুট্টকেও কোনও মামলা বা ওয়ারেন্ট ছাড়াই বাসা থেকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।