মানুষ স্বস্তিতে আছে, শান্তিতে আছে: মোহাম্মদ নাসিম

বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বাংলার মানুষ বিশ্বাস করে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া উন্নয়নের কোনও বিকল্প নেই। গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে অন্ধকারের চোরাগলি থেকে উন্নয়নের আলোয় নিয়ে এসেছে। দেশের মানুষ আজ স্বস্তিতে আছে, শান্তিতে আছে।’

বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুরে এক নির্বাচনি জনসভায় তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘কাজিপুরে নৌকা কোনোদিনও পরাজিত হয়নি। বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার পরই শহীদ এম মনসুর আলীর কাজিপুরে যুগ যুগ ধরে নৌকার বিজয় হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভোটকেন্দ্র থাকবে নির্বাচন কমিশনের অধীনে। জনগণ থাকবে পাহারায়। কোনও ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারকে দমিয়ে রাখা যাবে না।’

নাসিম বলেন, ‘গত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়ার বিরুদ্ধে ড. কামালরা মামলা দিয়েছিল। সেই মামলায় খালেদা জিয়া জেলে আছেন। এখন এই কামালরা খালেদা জিয়ার দলে যোগ দিয়ে জাতির সঙ্গে তামাশা করছেন। তার পক্ষ অবলম্বন করে এমপি হওয়ার খায়েশে নির্বাচনে অংশ নিয়েছেন। এর জবাব ৩০ ডিসেম্বর জনগণ দেবে।’

আওয়ামী লীগ ছাড়া দেশে অন্য কোনও সরকার দৃশ্যমান কোনও উন্নয়ন করেনি মন্তব্য করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী কাঠামোর ওপর দাঁড়িয়েছে। স্বাস্থ্য খাতের উন্নয়নসহ দক্ষিণ এশিয়ায় সমৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে।’

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। এতে আরও বক্তব্য রাখেন– মোহাম্মদ নাসিমের স্ত্রী বেগম লায়লা নাসিম, সাবেক এমপি প্রকৌশলী তানভীন শাকিল জয়, নাসিমপুত্র তন্ময় মনসুর, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, জেলা আাওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌরমেয়র নিজাম উদ্দিন প্রমুখ।