সাবেক এমপি তাজুল ফারুক আর নেই

সাবেক এমপি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক (ছবি– প্রতিনিধি)

রাজশাহী-৫ আসনের (দুর্গাপুর-পুঠিয়া) সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শুক্রবার সকাল ১০টায় নগরীর তেরোখাদিয়ায় অবস্থিত শহিদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে প্রথম জানাজা, বাদ জুমা দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় জানাজা এবং আমগাছীতে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপশহরের নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাজুল ইসলাম। এরপর তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তাজুল ফারুকের মৃত্যুতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারা শোকপ্রকাশ করেছেন।

এক শোক বার্তায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, তাজুল ইসলাম একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তার অবদান চিরকাল অক্ষুণ্ন থাকবে। আমি তার আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।