সাংবাদিক শিমুল হত্যাকাণ্ড: মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি

সাংবাদিক শিমুল

সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার সাক্ষী সাংবাদিক জহুরুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় সাক্ষী জহুরুল ইসলাম বাদী হয়ে রবিবার রাতে শাহজাদপুর থানায় জিডি করেছেন। জহুরুলকে প্রাণনাশের হুমকির ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সাংবাদিক জহুরুল ইসলাম শাহজাদপুর প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং জাতীয় একটি দৈনিক পত্রিকার স্থানীয় প্রতিনিধি।

শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় প্রাপ্ত ‘গুলির ব্যালেস্টিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় তুলে ধরে অভিযুক্ত মেয়র মিরুর কিছুই হবে না’ মন্তব্য করে এক সপ্তাহ ধরে মোবাইল ফোনের (০১৭৮৩-৫৯৫৭০২) মাধ্যমে অপরিচিত এক ব্যক্তি জহুরুলকে অকথ্য ভাষায় গালাগালসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। থানায় জিডি করা হলেও বর্তমানে স্ত্রী-সন্তানকে নিয়ে তিনি নিরপত্তাহীনতায় ভুগছেন বলে এ প্রতিবেদককে জানান। 

শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু বলেন, ‘বিষয়টি গভীর উদ্বেগের। মোবাইল ট্রাকিং করে হুমকীদাতাকে অবিলম্বে গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।’

ওসি খাজা মো. গোলাম কিবরিয়া বলেন,‘হুমকিদাতাকে সনাক্তের চেষ্টা চলছে।’

প্রসঙ্গত: ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি এক সংঘর্ষের ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালনের করতে গিয়ে শাহজাদপুর পৌরসভার মেয়র (বর্তমানে সাময়িক বরখাস্ত) হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে সাংবাদিক শিমুল গুরুতর আহত হন। পরদিন তিনি মারা যান। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ হালিমুল হক মিরুকে প্রধান আসামি করে ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে মামলাটি সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। এ মামলার সাক্ষী সাংবাদিক জহুরুল ইসলাম ঘটনার দিন অন্যদের সাহায্যে নিয়ে আহত সাংবাদিক শিমুলকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।