জয়পুরহাটের ৫ উপজেলায় প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে রবিবার (১০ ফেব্রুয়ারি)। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকে ৫ উপজেলার ২৮৭টি কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ যাবতীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
উপজেলাগুলো হলো, জয়পুরহাট সদর, পাঁচবিবি, ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর। গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ১৮৭ টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেখানে নিরাপত্তা নিশ্চিত করাসহ জেলা জুড়ে প্রায় ৫ হাজার র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জেলায় এবার মোট ভোটার ৭ লাখ ৬ হাজার ৬৮৭ জন। যার মধ্যে ৩ লাখ ৫০ হাজার ৭৩১ জন পুরুষ এবং ৩ লাখ ৫৫ হাজার ৯৫৬ জন নারী ভোটার।
জেলার ৫টির উপজেলার মধ্যে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া অন্য তিনটি উপজেলায় ৮ প্রার্থী চেয়ারম্যান পদে এবং ৫ উপজেলায় ২৪ জন পুরুষ ও ১৬ জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।