শুরুর আগেই ভোটগ্রহণ স্থগিত

01সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। কেন্দ্রে ভোটগ্রহণের আগেই অনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনার অপরাধে শনিবার (৯ মার্চ) রাত ২টার দিকে কেন্দ্রটি স্থগিত ঘোষণা করা হয়।
সদর উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ এ ঘোষণা দেন। জেলা নির্বাচন অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার বেলাল হোসেন ও আব্দুল আলিমকে আটক করা হয়েছে। এছাড়া প্রিজাইডিং অফিসার আনোয়ার হোসেনসহ আরও ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান রিটার্নিং অফিসার ফিরোজ মাহমুদ।
জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন জানান, ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনোয়ার হোসেনের অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাত ২টার দিকে র্যা ব ও পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। ভোটগ্রহণের আগেই সেখানে অনৈতিক কর্মকাণ্ডের পরিচালনার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ অবস্থায় সুষ্ঠু ভোটগ্রহণ সম্ভব নয় বলে জেলা নির্বাচন রিটার্নিং অফিসারের নির্দেশে কেন্দ্রটি স্থগিত ঘোষণা করা হয়।
আবুল হোসেন আরও জানান, সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল আলীম ও বেলাল হোসেনকে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। এছাড়া, অভিযোগকারী প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেনসহ আরও ছয়জনকে সদর উপজেলা নির্বাহী অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।