পাবনার আটঘরিয়ায় শ্যালোইঞ্জিন চালিত নছিমনের ধাক্কায় আমিরুল ইসলাম (৪০) নামে সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের ভবানীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আটঘরিয়া থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আমিরুল ইসলাম চাটমোহর উপজেলার নরাইখালি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
আহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫) ও রাবেয়া খাতুন (২২)। হতাহত সবাই সিএসনজি চালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
আটঘরিয়া থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুল আজিজ জানান, চাটমোহর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা পাবনা শহরে যাচ্ছিল। অটোরিকশাটি আটঘরিয়ার ভবানীপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত নছিমন ধাক্ক দিলে ঘটনাস্থলেই আমিরুল ইসলামের মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।