কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনা শালিসিতে ধামাচাপার চেষ্টা, আটক ৩

আটকসিরাজগঞ্জের শাহজাদপুরে এক কিশোরীকে গণধর্ষণ ও হত্যার আলোচিত ঘটনা শালিসির মাধ্যমে ধামাচাপার চেষ্টার অপরাধে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার নরিনা ইউনিয়নের যুগ্নীদহ গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো- নরিনা ইউনিয়ন পরিষদ সদস্য যুগ্নীদহ গ্রামের আব্দুল জলিল এবং একই গ্রামের ফিরোজুল ইসলাম ও নুর মোহাম্মদ মুন্সী।

শাহজাদপুর থানার ওসি খাজা মো. গোলাম কিবরিয়া জানান, আটক ব্যক্তিরা শালিসের মাধ্যমে কিশোরীকে গণধর্ষণ ও বিষ দিয়ে হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল। এদিকে ভিকটিমের বাবা বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার নরিনা ইউনিয়নের যুগ্নীদহ মধ্যপাড়ার এক কিশোরী (১৩) পাশের ক্ষেতে শাক তুলতে যায়। তাকে একা পেয়ে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আতিক (১৫), শহিদের ছেলে মনিরুল (১৫), আক্তার হোসেনের ছেলে নাহিদ (১৮) ধর্ষণের পর কীটনাশক পান করায় বলে অভিযোগ রয়েছে। রাতেই কিশোরীর মৃত্যু হয়।