ভোটাধিকার দাবিতে ৬৭০ কিলোমিটার হেঁটে হানিফ এখন বগুড়ায়

01ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার এবং নির্বিঘ্ন ভোটের পরিবেশ সৃষ্টির দাবিতে ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’ পর্যন্ত ১ হাজার ৪ কিলোমিটার একক পদযাত্রায় বের হয়েছেন ফরোয়ার্ড পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হানিফ বাংলাদেশি (৩৮)। তিনি ১৪ মার্চ কক্সবাজারের টেকনাফ উপজেলার জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করেন। ১৯ দিনের মাথায় ৬৭০ কিলোমিটার পথ হেঁটে হানিফ সোমবার (১ এপ্রিল) বগুড়ায় এসে পৌঁছান।

এদিন বিকালে বগুড়া শহরে আসার পর রাতে শহরের ঝাউতলা এলাকার একটি হোটেলে রাত্রীযাপন করেন হানিফ। ২০তম দিনে মঙ্গলবার সকাল ৭টায় তিনি তেঁতুলিয়ার উদ্দেশে বগুড়া ছেড়েছেন। এসময় পথে পথে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিলি করন তিনি। তিনি আশা করেন, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০ এপ্রিল তেঁতুলিয়া পৌঁছাবেন।

নোয়াখালীর সুধারাম উপজেলার নিয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বাসিন্দা মোহাম্মদ হানিফ। দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করায় বন্ধুরা তাকে ‘হানিফ বাংলাদেশি’ বলে ডাকেন। বর্তমানে তিনি এ নামেই পরিচিত।

১৯৯৯ সালে নোয়াখালীর বুলুয়া ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন হানিফ। এরপর চট্টগ্রাম ওমর গণি এমএস কলেজে স্নাতকে ভর্তি হন। রেজাল্ট ভালো না হওয়ায় লেখাপড়া ছেড়ে চট্টগ্রামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানে কমিশন এজেন্টের কাজ নেন।

২০১৬ সালে ড. কামাল হোসেন ও আ. ব. ম. মোস্তফা আমিনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার যুব শাখার আহ্বায়ক ছিলেন হানিফ। বর্তমানে আ. ব. ম. মোস্তফা আমিনের নেতৃত্বাধীন ফরোয়ার্ড পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তিনি।

মঙ্গলবার বেলা ১১টায় এক সাক্ষাৎকারে হানিফ বলেন, ‘সাড়ে সাত কোটি বাঙালির ভোটাধিকারসহ মৌলিক অধিকার কেড়ে নেওয়ার কারণেই ১৯৭১ সালে লাখো শহীদের রক্ত, অনেক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা অর্জন। মুক্তিযুদ্ধের আগে অন্য দেশের শাসকগোষ্ঠীর মাধ্যমে বাঙালি শাসিত ও শোষিত হয়েছে। স্বাধীনতার পর এখন দেশীয় লুটেরাদের হাতে আমরা শোষিত ও ভোটাধিকার বঞ্চিত হচ্ছি।’

তিনি আরও বলেন, ‘যখন যে সরকার ক্ষমতায় আসে, তারা দীর্ঘ মেয়াদে ক্ষমতায় টিকে থাকতে জনগণের ভোটাধিকার হরণ করে।’

হানিফ বাংলাদেশি দাবি করে বলেন, ‘ভোটের প্রতি জনগণের আর আস্থা নেই। নির্বাচনে আগের মতো উৎসবমুখর পরিবেশ নেই। নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। ৩০ ডিসেম্বর রাতের আঁধারে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। নির্বাচনের নামে রাষ্ট্রের টাকা অপচয় হয়েছে। ভোট না দিলেও সরকার দলীয় প্রার্থী নির্বাচিত হবেন, এটা ভেবে অনেকে ভোট দিতে যাননি।’

সব নির্বাচনে ভোটের পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হলে ভোটাররা আবার কেন্দ্রে ফিরবেন। আর এ পরিবেশ সৃষ্টি করতেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার চার কিলোমিটার একক পদযাত্রা শুরু করেছেন হানিফ। তিনি জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দাবি সম্বলিত লিফলেট বিলি করছেন।

হানিফ তার আলোচিত কর্মসূচি সম্পর্কে বলেন, ‘রাজধানীতে গণসৌচাগার স্থাপনের দাবিতে আন্দোলনে মানুষের ব্যাপক সাড়া পেয়েছিলাম। এরপর অনাকাঙ্ক্ষিত মানব ভ্রুণ হত্যা বন্ধের দাবিতে আন্দোলনে জনগণকে সচেতন করেছিলাম। গত জাতীয় সংসদ নির্বাচনে সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি।’ দেশে যেকোনও অনিয়মের বিরুদ্ধে তার আন্দোলন অব্যাহত থাকবে।