রাজশাহী সীমান্তে পাচারকারী ও বিজিবির গোলাগুলি

রাজশাহী

রাজশাহী সীমান্তে অস্ত্র ও মাদক পাচারকারীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত দেড়টার দিকে রাজশাহীর পবা উপজেলার পশ্চিম বাথানবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে বিজিবির পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাচারবিরোধী এ অভিযানে বিজিবির ১ ব্যাটালিয়নের একটি দল অংশ নেয়। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম তাদের নেতৃত্ব দেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত পথে অস্ত্র ও মাদক পাচার করে আনা হবে। এমন খবরে তারাও অস্ত্র, গোলাবারুদ, বাইনোকুলার, নাইট ভিশন গগলস এবং বুলেটপ্রুফ জ্যাকেটসহ পূর্ণপ্রস্তুতি নিয়ে পদ্মানদী অতিক্রম করে বিজিবির চর মাজারদিয়া সীমান্ত ফাঁড়ি এলাকার সীমান্ত পিলার ৫৬/২-১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে পশ্চিম বাথানবাড়ি এলাকায় অবস্থান নেন। এছাড়াও অভিযানিক দলটিকে সহায়তায় পদ্মা নদীর পূর্ব পাড়ে ছয়টি ও পশ্চিম পাড়ে তিনটি বিশেষ টহল দল প্রস্তুত রাখা হয়। ব্যাটালিয়ন সদরেও প্রস্তুত থাকে ১৫ সদস্যের একটি টহল দল। রাত দেড়টার দিকে চার-পাঁচজনের একটি পাচারকারি দল ভারত থেকে অস্ত্র ও মাদক নিয়ে আসার সময় পশ্চিম বাথানবাড়ি এলাকায় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় বিজিবি সদস্যরাও আত্মরক্ষায় ১৪ রাউন্ড বল অ্যামো ফায়ার করে। এ সময় পাচারকারীরা ম্যাগাজিনসহ অস্ত্র, গুলি এবং ফেনসিডিল ফেলে ফায়ার করতে করতে পালিয়ে যায়। টহল দল তাদের ধাওয়া করলেও পাচারকারীরা ভারতের ভেতরে ঢুকে পড়ায় বিজিবি আর সামনে এগোয়নি।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে পাচারকারীদের ফেলে যাওয়া ৩টি ম্যাগাজিন, আমেরিকার তৈরি দুটি পিস্তল, ৭ রাউন্ড গুলি এবং ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসব পবার দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় বিজিবির পক্ষ থেকে আলাদা দুটি মামলাও করা হয়েছে।