ট্রাকের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

পাবনাপাবনার চাটমোহরে ট্রাকের ধাক্কায় দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকাল ৪টার দিকে পাবনা-চাটমোহর মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনা সদর উপজেলার বাংলাবাজার এলাকার হাসিনা খাতুন (৪৫) ও লস্করপুর গ্রামের ফিরোজা খাতুন (৪৮)। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন এ তথ্য জানান।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে চাটমোহর উপজেলার শিবপুর গ্রামে তোফাজ্জল প্রামানিকের বাড়িতে তার কয়েকজন আত্মীয় বেড়াতে আসেন। বিকালে ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে বাড়ি ফেরার পথে শিমুলতলা এলাকায় চাটমোহর থেকে পাবনাগামী দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে ভ্যানের আরোহীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিনা খাতুন ও ফিরোজাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ওসমান প্রামানিক নামে ট্রাকের হেলপার ও ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হেলপার ও ট্রাক থানায় নিয়ে যায়।