রাজশাহী নগরীর সড়কে আলোকায়নের কাজে আগ্রহী ভারতীয় কোম্পানি

খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ করে এনার্জি ইফিসিয়েন্সি সার্ভিস লিমেটেডের প্রতিনিধি দল (ছবি– প্রতিনিধি)

রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়কে আলোকায়নের কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় কোম্পানি ‘এনার্জি ইফিসিয়েন্সি সার্ভিস লিমেটেড’। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে নগরভবনে সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে মতবিনিময় করে ভারতীয় কোম্পানিটির একটি প্রতিনিধি দল।

নগরভবন সূত্র জানায়, আজ (শনিবার) দুপুরে ভারতীয় কোম্পানি এনার্জি ইফিসিয়েন্সি সার্ভিস লিমেটেডের অতিরিক্ত মহা-ব্যবস্থাপক সুদীপ ভার ও উপ-ব্যবস্থাপক (টেকনোলজি) জয়দেব সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগরভবনে আসে। তারা মেয়র খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা জানান, বৃহৎ পরিসরে সড়ক আলোকায়ন ও বিদ্যুৎ সাশ্রয়ী বাতি নিয়ে কাজ করে আসছে তাদের কোম্পানি। রাজশাহীতে নিজস্ব অর্থায়নে এই কাজ করতে আগ্রহী তারা।

এ ব্যাপারে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, রাজশাহী মহানগরীর সড়ক আলোকায়নের কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় কোম্পানি এনার্জি ইফিসিয়েন্সি সার্ভিস লিমেটেড। মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে তারা এ আগ্রহ প্রকাশ করে।

প্রধান প্রকৌশলী আশরাফুল হক আরও জানান, সড়ক আলোকায়নের জন্য প্রায় ৪০০ কোটি টাকার একটি প্রকল্প আমরা তৈরি করেছি। এটি অনুমোদন হলে সড়কের সৌন্দর্য্য অনেক বৃদ্ধি পাবে।