মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৮ মে ড্যাশ-৮ উড়োজাহাজ দুর্ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রাজশাহী-ঢাকা রুটের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার (১০ মে) রাতে রাজশাহী শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সেতাফুর রহমান বলেন, ‘বাংলাদেশ বিমানের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শুক্রবার, শনিবার, রবিবার ও মঙ্গলবারের ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে আগামী সোমবারের নির্ধারিত ফ্লাইট চলবে।’
বাংলাদেশ বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক মহিদুল ইসলামও একই তথ্য জানান। তিনি বলেন, ‘বিমানের চলমান শিডিউল বিঘ্ন ঘটলেও ১৩ মে’র ফ্লাইট স্বাভাবিক থাকবে। এর পরের অবস্থা পরে নির্ধারণ করা হবে। এর আগে উড়োজাহাজ সংকট থাকায় গত বুধবার তিনটি ফ্লাইট বাতিল করে বিমান কর্তৃপক্ষ।’
উল্লেখ্য, গত বুধবার বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া বিজি ০৬০ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ২২ মিনিটে অবতরণকালে মিয়ানমারে দুর্ঘটনার কবলে পড়ে।