নওগাঁয় ধান কাটলেন ছাত্রলীগের নেতাকর্মীরা

ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরাধান কাটার শ্রমিকের অভাবে বিপাকে পড়েছেন নওগাঁর কৃষকরা। একই ধরনের সমস্যা ছিলেন নওগাঁ সদরের ১নং ওয়ার্ডের বালুডাঙ্গা এলাকায় কৃষক মোসলেম উদ্দিন। শ্রমিকের অভাবে তিনি ধান কাটতে পারছিলেন না। পরে তার সহযোগিতায় এগিয়ে আসেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।  শুক্রবার (২৪ মে) মোসলেমের ১০ কাঠা জমির ধান কেটে দেন তারা।

মোসলেম উদ্দিন বলেন, ‘আমি কামলার (শ্রমিক) অভাবে জমির ধান কাটতে পারছিলাম না। ছাত্রলীগের ছেলেরা এসে বললো, তারা বিনা মূল্যে আমার জমির ধান কাটে দেবে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না। পরে যখন দেখলাম সত্যিই তারা বিন্য মূল্যে ধান কাটে দিল তখন বুকের ওপর থেকে একটা চাপ কমলো। তারা ধান কেটে না দিলে আমি ধান কাটতে পারতাম না।’

এ প্রসঙ্গে জেলা ছাএলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জান সিউল বলেন, ‘কৃষকের সমস্যার কথা ভেবেই ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। আশা করছি কৃষকের এমন সংকটময় সময়ে দল-মত নির্বিশেষে সবাই তাদের পাশে দাঁড়াবো।’

তিনি আরও বলেন, ‘ন্যায্যমূল্যে কৃষকের কাছ থেকে ধান কিনতে প্রশাসন ও প্রান্তিক কৃষকের মাঝে সেতুবন্ধন গড়ে দিতে সচেষ্ট থাকবে ছাত্রলীগ।’

ধান কাটায় সহযোগিতা করেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একরামুল বারী ডলার, ছাত্রলীগ নেতা মাহাবুব কাদের ফাহিম, আরাফাত রহামান হিমেল, শীতল খান,স্পন্দন,প্রমুখ।