সিরাজগঞ্জে বাসের ধাক্কায় লেগুনার ৯ যাত্রী নিহত

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় বিধ্বস্ত লেগুনা

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোয়ালিয়া এলাকায় বাসের ধাক্কায় লেগুনার ৯ যাত্রী নিহত ও  দু’জন আহত হয়েছেন। আহতদের প্রথমে উল্লাপাড়ার হাটিকুমরুল সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতাল ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (২ জুন) দুপুর ১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শাহজাদপুর থানার ওসি আব্দুল কাদের জিলানি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— লেগুনার চালক উল্লাপাড়ার পাগলা গ্রামের রেজাউল ইসলাম (৩২), কয়ড়া কৃষ্টপুর গ্রামের সবুজ হোসেন (৩০), মোহাম্মাদ আলী (৩৫), জয়ান উদ্দীন (৩৪), নূর ইসলাম (৩৩), ফজলুল হক (৪৫), উল্লাপাড়ার বড়হর গ্রামের আক্তার হোসেন (৪২), বেতকান্দি গ্রামের আব্দুল মান্নান (৪৫) ও কোনাগাঁতী গ্রামের হাফিজুল ইসলাম (৩৩)।  

ওসি আব্দুল কাদের জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাবনা এক্সপ্রেস নামের একটি বাস শাহজাদপুর থেকে আসা হাটিকুমরুলগামী একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনার ৮ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও একজন। আহত হন দু’জন। দুর্ঘটনার পর উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মী, থানা পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করেন। লাশগুলো হাইওয়ে থানা চত্বরে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ পাবনা এক্সপ্রেসের কোচটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।  এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বোয়ালিয়া বাজারে গরুর হাট বসে। তাই সড়কের ওপর গরুবাহী বেশ কয়েকটি নছিমন ও করিমন দাঁড়িয়ে ছিল। এ কারণে দুর্ঘটনাটি ঘটে।

এদিকে, দুর্ঘটনার পর বগুড়া-নগরবাড়ী সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশের দেড় ঘণ্টা চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক হয়।