ছাত্রাবাস থেকে গলিত লাশ উদ্ধার

রাজশাহীরাজশাহীতে ছাত্রাবাসের ভেতর থেকে এক ছাত্রের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম এজাজ আহমেদ আকিব। শনিবার (২৯ জুন) দুপুরে নগরীর দেবিশিংপাড়ার এসএস ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

আকিব পাবনা জেলার সুজানগর থানার সাতবাড়িয়া এলাকার আবদুর রহিমের ছেলে।

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ জানান, আকিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোচিং করছিল। সে ওই ছাত্রাবাসে থাকতো। ২৭ জুন তার আরেক রুমমেট বাড়ি চলে যায়। এরপর থেকে কেউ আকিবকে দেখেননি। শনিবার দুপুরের দিকে আকিবের ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। তারা দরজা ধাক্কাধাক্কি করলেও কেউ সাড়া দেয়নি। পরে ছাত্রাবাসের ম্যানেজার থানায় খবর দিলে সেখানে পুলিশ পাঠানো হয়।

ওসি আরও জানান, দরজা ভেঙে ভেতরে ঢুকে আকিবকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ফ্যানের সঙ্গে গলায় গামছা দিয়ে ঝুলে ছিল। লাশে পচন ধরেছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, তিনদিন আগেই মৃত্যু হয়েছে আকিবের। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।