রাসিকের ৫৪৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

বক্তব্য রাখছেন এএইচএম খায়রুজ্জামান লিটন (ছবি– প্রতিনিধি)

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০১৯-২০২০ অর্থবছরের ৫৪৭ কোটি ১৮ লাখ ১২ হাজার ২৭৪ দশমিক ৬৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (৩০ জুন) দুপুরে নগরভবনের সিটি হলরুমে সংবাদ সম্মেলনে বাজেটের বিস্তারিত তুলে ধরেন মেয়র এবং অর্থ ও স্থায়ী কমিটির সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৭৫২ কোটি ৩৭ লাখ ৮১ হাজার টাকা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৩২৪ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে দেওয়া বাজেট বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘এবারের প্রস্তাবিত বাজেট সুনির্দিষ্ট ৮টি কর্মকৌশল সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। সেগুলো হচ্ছে– পরিকল্পিত নগর অবকাঠামো নির্মাণের মাধ্যমে নাগরিক সুবিধার উন্নয়ন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন এবং সবুজায়ন, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের মাধ্যমে মহানগরীর পরিবেশ উন্নয়ন, নগরের জনস্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ব্যবস্থাপনা ও কর্মক্ষমতার উন্নয়ন, রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকরণের মাধ্যমে আর্থিক সক্ষমতা বৃদ্ধি, কর্ম সম্পাদনে গতিশীলতা আনয়ন ও সেবার মান বৃদ্ধি, দাফতরিক কর্মকাণ্ডে স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন।

রাসিকের প্রধান নিবার্হী কর্মকর্তা শাওগাতুল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাউন্সিলরসহ রাসিকের কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে রবিবার সকালে ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে বিশেষ সাধারণ সভা হয়। মেয়র খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সভায় ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা ও অনুমোদন হয়।