রাজশাহীর মোহনপুর উপজেলায় গৃহবধূ আসমা বেগমকে (৪৫) ধর্ষণের পর কুপিয়ে হত্যা মামলার মূল আসামি আমজাদ হোসেনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) রাতে উপজেলার কামারপাড়া এলাকা থেকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।
আসামি আমজাদ হোসেন দমদমা হাটরা গ্রামের খোদা বক্সের ছেলে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, আমজাদ হোসেনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরবর্তীতে শুনানি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত হবে জানিয়ে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আমজাদের দেওয়া তথ্যে হত্যার কাজে ব্যবহৃত ধারালো হাঁসুয়া উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, আসামিকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদে মূল ঘটনা বের হয়ে আসবে।
নিহত গৃহবধূর ছেলে মাসুদ রানা ২২ জুন বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যার মামলা দায়ের করেন। ওসি মোস্তাক আহম্মেদ জানান, ঘটনার পরদিন (২২ জুন) হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মোহনপুর উপজেলার কেশরহাট থেকে রায়ঘাটি গ্রামের মৃত ভাদু মন্ডলের ছেলে শামছুদ্দিন (৫০), হারিদা গ্রামের জহির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫১) গ্রেফতার করে পুলিশ। ওই দুই আসামিকে দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গত ২১ জুন রাতে আসমাকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে আমজাদ ধর্ষণের পর ধারালো হাঁসুয়া দিয়ে হত্যা করে বলেও জানান তিনি।