ট্রাক উল্টে দুই আম ব্যবসায়ী নিহত




উল্টে যাওয়া ট্রাকরাজশাহীর গোদাগাড়ী উপজেলার কামারপাড়া এলাকায় আম ভর্তি ট্রাক খাদে পড়ে দু’জন আম ব্যবসায়ী নিহত হয়েছেন। ড্রাইভারসহ আহত হয়েছেন তিন জন। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

নিহতরা হলেন—যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বউখালী গ্রামের ফকির আহম্মদের ছেলে নূরুজ্জামান (৫০) এবং একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আজিজুর খানের ছেলে আইয়ুব খান (৫০)।

উল্টে যাওয়া ট্রাকপ্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার খুব ভোরে একটি ট্রাক আম ভর্তি করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় কামারপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত হন আরও তিন জন।  

ওসি জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।