খবর পেয়ে বুধবার সকাল ৮টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহতের বাড়ি নওগাঁর ধামুরহাট উপজেলার মুকুন্দপুর গ্রামে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, বুধবার সকালে হরিপুর সেতুর উত্তর পাশে বাঁধ এলাকায় কৃষকরা কৃষি কাজ করতে গিয়ে আব্দুর রহিমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যার দিকে রহিম ভ্যান নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। তাদের ধারণা, ভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করেছে।
স্থানীয় ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন জানান, রহিমের পকেটে একটি চাবি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে বাঁধের ওপর ফেলে রাখা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ভ্যান ছিনতাই নাকি পূর্ব শত্রুতার জের ধরে হত্যা সেটি তদন্তের মাধ্যমে জানা যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।