নৌকাডুবিতে নিখোঁজ শিশুকে সারিয়াকান্দির যমুনা নদী থেকে উদ্ধার

বগুড়া

 

নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক শিশুকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। পারভীন বেগম নামে এক গৃহবধূ বৃহস্পতিবার সকালে চন্দনবাইশা ইউনিয়নের শেখপাড়ার কাছে যমুনা নদী থেকে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সারিয়াকান্দি থানার ওসি আল আমিন এ কথা জানান।

তিনি জানান, হাসপাতালে ভর্তির পর তার একবার জ্ঞান ফেরে। এ সময় সে অস্পষ্ট স্বরে তার নাম মমতা, বাবার নাম ময়েন উদ্দিন, মায়ের নাম ফিরোজা বেগম ও ভাইয়ের নাম মোমিন বলেছে। গ্রামের নাম বলেছে হলকার চর। এরপর সে আবার ঘুমিয়ে যায়। বেলা ২টার দিকে মমতার পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছে।

পারভীন বেগম জানান, সকালে তিনি বাড়ির কাছে যমুনা নদীতে ভেসে আসা খড়ি সংগ্রহ করতে যান। এ সময় নদী তীরে হাঁটু পানিতে এক শিশুকে ভাসতে দেখেন। মেয়েটিকে জীবিত মনে হওয়ায় তিনি তাকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, বুধবার রাতে জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল নিয়ে হালকার চরে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা নৌকায় থাকা ১৬ যাত্রীকে জীবিত উদ্ধার করে। ৬ জন সাঁতরে আশপাশের চরে আশ্রয় নেন। বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দির শেখপাড়ায় যমুনা নদীতে পাওয়া শিশু মমতাসহ ২৩ জন জীবিত উদ্ধার হয়েছেন। এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন।