বগুড়ায় জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। বুধবার গভীর রাতে শহরের নবাববাড়ি সড়কে আল-আমিন মার্কেটের পাশের ওই কার্যালয়ে এ হামলা চালায়। যুবলীগ সভাপতির দাবি সিসি ক্যামেরার ফুটেজে যুবলীগ কর্মী ঝুমুর সরকার ও শামীমকে হামলা করতে দেখা গেছে।
জুয়া চালানোর প্রতিবাদ করায় এ হামলা করা হয়েছে দাবি করে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন জানান, বুধবার রাত সোয়া ১টার দিকে ১৭/১৮ জনের একদল সন্ত্রাসী তার অফিসে হামলা চালায়। তারা অফিসের দরজা-জানালা এবং আসবাবপত্র ভাঙচুর করে। সিসি ক্যামেরার ফুটেজে যুবলীগ কর্মী ঝুমুর সরকার ও শামীমসহ তাদের সহযোগিদের হামলায় অংশ নিতে দেখা গেছে।
লিটন জানান, ২০১৬ সালের ১৫ অক্টোবর সম্মেলনের মাধ্যমে জেলা যুবলীগের সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হয়। প্রায় ৪ মাস আগে পূর্ণাঙ্গ কমিটির তালিকা অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে। ওই কমিটিতে কে কোন পদ পাচ্ছেন তা সবার জানা। তাই কমিটি নিয়ে কোনও হামলা হয়নি। কিছুদিন আগে মেলার নামে জুয়ার আয়োজনের প্রতিবাদ করায় এ হামলা হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, শহর যুবলীগ নেতা চন্দনের সঙ্গে বালু ব্যবসা নিয়ে শামীম, কাজলসহ অন্যদের বিরোধ চলছে। চন্দন যুবলীগ সভাপতি লিটনের কার্যালয়ে বসেন। চন্দনের ওপর ক্ষোভ থেকেই ওই হামলা হয়েছে। এখানে যুবলীগ সভাপতি লিটন বা তার কার্যালয় হামলার টার্গেট ছিল না। এ হামলার ঘটনায় লিটনের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু এ হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ওই ঘটনায় কোনও মামলা হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।