গ্রেফতার তিনজন হলেন—বগুড়া শহরের নিশিন্দারা খাঁ পাড়ার আলী হাসান টুকুর ছেলে ফরিদুজ্জামান ফরিদ (৩২), একই এলাকার ইসাহাক শেখ লালুর ছেলে বেলাল হোসেন বিপ্লব (২৮) ও আনোয়ার হোসেনের ছেলে শহীদ হোসেন রকি (২৮)।
ডিবি পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, ডিবি পুলিশের একটি দল রবিবার রাতে শহরতলির চারমাথা এলাকায় মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার অভিযানে যায়। গোপন সূত্রে তারা জানতে পারে, নিশিন্দারা কারবালা এলাকায় পণ্যসেবা নামে একটি ইলেক্ট্রনিক্স ও ফার্নিচারের দোকানে ফরিদসহ কয়েকজন অবৈধ অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছেন। এসময় দোকনটির মালিক বেলাল হোসেনও সেখানে ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে ওই দোকানে অভিযানে গিয়ে ফরিদ, বিপ্লব ও রকিকে গ্রেফতার করা হয়। কিন্তু দোকানের মালিক বেলাল পালিয়ে যান। পরে ফরিদের দেহ তল্লাশি করে এক রাউন্ড গুলিভর্তি ৭ দশমিক ৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।
এ ব্যাপারে এসআই সাইফুল ইসলাম সদর থানায় গ্রেফতার তিনজন ও পলাতক বেলালের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় মামলা করেছেন।
ডিবি ইন্সপেক্টর আসলাম আলী জানান, গ্রেফতার তিনজনকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক বেলালকে গ্রেফতারের চেষ্টা চলছে।