ধুনটে বালি ব্যবসায়ীর কারাদণ্ড

 

বগুড়াবগুড়ার ধুনটে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে এক ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম মাহবুবুর রহমান সমাপ্ত (২৭)। রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত রেহেনা এ সাজা দেন।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সাজাপ্রাপ্ত বালু ব্যবসায়ী মাহবুবুর রহমান সমাপ্তকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, মাহবুবুর রহমান সমাপ্ত ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আবদুস সালামের ছেলে। বর্তমানে পশ্চিম ভরনশাহী গ্রামে বাস করেন। তিনি গত কয়েকদিন ধরে ধুনট-সোনামুখী বাইপাস সড়কের পাশ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করেন। গোপনে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত রেহেনার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাহবুবুর রহমান সমাপ্তকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তিনি টাকা পরিশোধ করতে না পারায় তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।