রাবিতে জুয়ার আসর থেকে আটক ১২

আটক ব্যক্তিরা থানায়রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুয়ার আসর থেকে বহিরাগতসহ ১২ জনকে আটক করেছে মতিহার থানা পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবে মাদক ও জুয়া খেলা হয়, এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রক্টরিয়াল বডি ও পুলিশকে সঙ্গে নিয়ে কর্মচারী ক্লাবে অভিযান পরিচালনা করি। এসময় জুয়া খেলার অপরাধে কর্মচারীসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।’

মতিহার থানার ওসি হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জুয়ার আসর থেকে ৩৫-৪০ জনেক আটক করা হয়। পরে প্রক্টরের সঙ্গে কথা বলে কয়েকজনকে ছেড়ে দিয়েছি। ১৪ জনকে থানায় নেওয়া হয়েছে। তাদেরকেও মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।’

জুয়ার আসরে পাওয়া তাসকর্মচারী ইউনিয়নের সভাপতি ইমান হাসান বলেন, ‘এখানে খুবই অল্প পরিমাণের বাজিতে জুয়া খেলা হয়। কখনও হয়তো পেপসি বা চায়ের বাজিতে খেলা হয়। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবগুলোতে আরও বড় বাজিতে জুয়া খেলা হয়, সেখানে পুলিশ বা প্রক্টর অভিযান পরিচালনা করতে পারে না।  আমরা মঙ্গলবার ইউনিয়নের বৈঠক ডেকেছি। বৈঠক শেষে আমাদের কর্মসূচি ঘোষণা করবো।’