বিয়ের ১২ দিনের মাথায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

বগুড়াবগুড়ায় বিয়ের মাত্র ১২ দিনের মাথায় নুরজাহান বিবি (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে শাজাহানপুর উপজেলার শাকপালা দীঘিরপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় তার স্বামী শাহীন আলমকে (৩২) আটক করেছে।

বগুড়ার শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বগুড়া সদরের কদিমপাড়া গ্রামের শাহীন আলম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের কেবিন ওয়ার্ডবয়। নুরজাহান শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা গ্রামের মৃত সাবাশ শাকিদারের মেয়ে। তাদের দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে।

তিনি আরও জানান, নুরজাহান বগুড়া শজিমেক হাসপাতালে রোগী নিয়ে আসলে তার সঙ্গে ওয়ার্ডবয় শাহীনের পরিচয় হয়। এরপর দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। গত ২২ আগস্ট তারা বিয়ে করেন। এরপর বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালার দীঘিরপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিবেশীরা তালাবদ্ধ ঘরের বিছানায় নুরজাহানের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ দরজা ভেঙে নুরজাহানের লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, বুধবার সকালে বগুড়া সদরের একটি স্থান থেকে নুরজাহানের স্বামী শাহীনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে।